হৃদয় খান, স্টাফ রিপোর্টার:

দেশের সাংস্কৃতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রাখছেন তরুণরা। বিশেষ করে মডেলিং ও অভিনয়ে তরুণদের উপস্থিতি অনেকটাই আশা জগানিয়া খবর। বলা যায় নতুন প্রজন্মের যেসব মুখ শোবিজ অঙ্গনে ধীরে ধীরে নিজেদের অবস্থান তৈরি করছেন, তাদের মধ্যে অন্যতম একজন স্বর্ণা বিশ্বাস। মডেলিং ও অভিনয়, দুই মাধ্যমেই নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি। আত্মবিশ্বাস, পরিবারের সমর্থন আর কাজের প্রতি ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান তরুণ এই অভিনেত্রী।

স্বর্ণার শোবিজে আসার গল্পটাও বেশ আবেগঘন। তিনি জানান, মায়ের হাত ধরেই মিডিয়ায় পথচলা শুরু তার। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল গভীর আগ্রহ। বড় পর্দায় কাজ করার স্বপ্ন দেখতেন সেই সময় থেকেই। পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছেন সবসময়, যা তাকে আরও আত্মবিশ্বাসী করেছে।

অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও স্বচ্ছন্দ স্বর্ণা। তবে তার ভাষায়, কাজকে তিনি কখনো চাপ হিসেবে নেন না। বরং ক্যামেরার সামনে দাঁড়ানো, নতুন চরিত্রে নিজেকে উপস্থাপন করা তার কাছে আনন্দের বিষয়। তিনি বিশ্বাস করেন, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব।
ক্যারিয়ারের প্রথম কাজ ছিল নির্মাতা শামীম আহমেদ রনি পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। প্রথম কাজের অভিজ্ঞতা স্মরণ করে স্বর্ণা বলেন, ক্যামেরার সামনে প্রথমবার সংলাপ বলা নিয়ে কিছুটা উত্তেজনা থাকলেও পুরো অভিজ্ঞতা ছিল দারুণ। কাজটি দেখে অনেকেই তার প্রশংসা করেছিলেন, যা তাকে আরও অনুপ্রাণিত করেছে।

নিজের প্রতিটি কাজকে সমান গুরুত্ব দেন এই অভিনেত্রী। তার মতে, ছোট কিংবা বড়-যে কাজই হোক, মন দিয়ে করতে পারলেই সেটি বিশেষ হয়ে ওঠে। আর ইন্ডাস্ট্রিতে নতুন হয়েও খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তাকে। কারণ, মায়ের পরিচিতির সুবাদে শুরু থেকেই সবার স্নেহ ও সহযোগিতা পেয়েছেন।

বর্তমানে নতুন একটি সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজ করছেন স্বর্ণা। সিনেমাটি পরিচালনা করছেন তাজু কামরুল। নতুন এই কাজ নিয়ে বেশ আশাবাদী তিনি। পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বর্ণা বলেন, এমন একটি সুযোগ তার জন্য অনেক বড় প্রাপ্তি।

ভবিষ্যৎ নিয়ে স্বর্ণার ভাবনাও পরিষ্কার। তিনি নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। ছোটপর্দা, বড়পর্দা কিংবা অন্য যেকোনো মাধ্যমে ভালো গল্প ও চরিত্রে কাজ করার ইচ্ছা রয়েছে তার। দর্শকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় শক্তি মনে করেন এই তরুণ অভিনেত্রী। তাই সামনে আরও ভালো কাজ উপহার দিয়ে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে চান তিনি। নিজ মেধা, ভালো কাজের প্রতি নিষ্ঠা এবং একাগ্রতার মাধ্যমে লক্ষে এগিয়ে যাবেন স্বর্না এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।