• বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

রাজনৈতিক হয়রানির অভিযোগ: পরিবারসহ পালিয়ে বেড়াচ্ছে আ.লীগ নেতা ও গার্মেন্টস ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী :
প্রকাশকাল : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক হয়রানির অভিযোগে পরিবারসহ আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত গার্মেন্টস ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির।

তিনি নরসিংদী জেলার বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়নের চরউজিলাব গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ রহম আলী এবং মাতা সালেহা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে গার্মেন্টস খাতে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

ভুক্তভোগীর অভিযোগ, চলতি বছরের ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি নানা ধরনের হয়রানির শিকার হন। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে তিনি পরিবারসহ আত্মগোপনে যেতে বাধ্য হন।

তিনি আরও দাবি করেন, গত ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ বিসিক শিল্পনগরীতে অবস্থিত তার মালিকানাধীন প্রতিষ্ঠান “রীব লাইন ফ্যাশন লিমিটেড” (প্লট নং ৪৯১/৪৯২) বিএনপি, জামায়াত ও এনসিপি পরিচয়ে কিছু ব্যক্তি জোরপূর্বক দখল করে নেয়। এ সময় তার কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

হুমায়ুন কবির জানান, প্রতিষ্ঠানটি পুনরুদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি সফল হননি। এছাড়া নরসিংদীর মাধবদী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে (মামলা নং: ৮৫৫/২০২৪), যা তিনি ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।

বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাজনিত কারণে আত্মগোপনে রয়েছেন। তিনি দাবি করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তার ওপর নির্যাতন-নিপীড়ন শুরু হয়, তার ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যায়, বিপুল অঙ্কের চাঁদা দাবি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সবকিছু হারিয়ে বর্তমানে তিনি মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category