নরসিংদীতে ডাব নিয়ে বিরোধের জেরে যুবক কে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০২:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে প্রতিবেশীর গাছের ডাব পারা নিয়ে দ্বন্দ্বের জেরে মামুন (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মামুন ওই গ্রামের মৃত আব্দুল মোমেন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল (৩৫) একই গ্রামের ইসমাইলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে প্রতিবেশী রাবেয়া নামে এক নারী মামুনকে তার বাড়িতে ডেকে নিয়ে যান গাছের ডাব পারার জন্য। মামুন রাবেয়া ও প্রতিবেশী আজিজুলের গাছ থেকে ডাব পেড়ে একসঙ্গে জড়ো করেন এবং পরে তা উভয় পরিবারের মধ্যে ভাগ করে দেন।
কিন্তু ডাব ভাগাভাগি নিয়েই শুরু হয় বিরোধ। এ নিয়ে আজিজুলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। ঘটনার একপর্যায়ে আজিজুল ক্ষিপ্ত হয়ে মামুনের বাড়িতে গিয়ে টিনের ঘর ও তার অটোরিকশা ভাঙচুর করেন।
পরদিন বৃহস্পতিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও আজিজুলের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আজিজুল মামুনকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি ইটভাটার পশ্চিম পাশে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মামুন মারা যান।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে এবং ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










