সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় আশরাফ উদ্দিন বকুলের নাম, রায়পুরায় উচ্ছ্বাস
- আপডেট সময় : ০৭:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

মোঃ মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির আলোচনায় উঠে এসেছে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের নাম। সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সরকার মন্ত্রিসভা সম্প্রসারণের পরিকল্পনা করলে সম্ভাব্য নতুন মুখ হিসেবে কয়েকজন সংসদ সদস্যের নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যেই প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি প্রকাশের পর থেকেই তার নির্বাচনী এলাকা নরসিংদীর রায়পুরায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
খবরটি ছড়িয়ে পড়ার পর রায়পুরা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিতে শুরু করেছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আশরাফ উদ্দিন বকুলকে অভিনন্দন জানিয়ে তার প্রতি আস্থা ও সমর্থনের কথা প্রকাশ করছেন।
স্থানীয়দের অনেকেই মনে করছেন, তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলে রায়পুরা ও নরসিংদী জেলার উন্নয়নে নতুন গতি আসবে। এলাকাবাসীর আশা, তার নেতৃত্বে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।
তবে সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সরকারই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবে।
উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছর পর আওয়ামী অধ্যুষিত নরসিংদী-৫ রায়পুরা আসন থেকে ৯৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।


















