অজানা রোগে নরসিংদীতে শতাধিক ছাগলের মৃত্যু, দিশেহারা খামারিরা
- আপডেট সময় : ০২:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় অজানা রোগে গত কয়েক দিনে শতাধিক ছাগলের মৃত্যু হয়েছে। হঠাৎ জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রাণীগুলো মারা যাওয়ায় খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে প্রান্তিক ও ক্ষুদ্র খামারিসহ নারী উদ্যোক্তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
স্থানীয় খামারিরা জানান, আক্রান্ত ছাগলের মধ্যে হঠাৎ জ্বর, শ্বাসকষ্ট, পেট ফোলা ও শরীর কাঁপুনির মতো লক্ষণ দেখা দিচ্ছে। অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর ঘটনায় অনেকেই লোকসান এড়াতে অসুস্থ ছাগল কম দামে স্থানীয় হাটবাজার বা কসাইদের কাছে বিক্রি করছেন। কেউ কেউ আবার জবাই করে গ্রামেই বিক্রি করছেন, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উত্তর বাখরনগর ও রতনপুর গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত এক সপ্তাহে শতাধিক ছাগলের মৃত্যু হয়েছে। এতে স্থানীয় খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মৃত ছাগলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে।
পলাশতলী গ্রামের এক নারী উদ্যোক্তা বলেন, “অনেক কষ্ট করে ছাগল পালন করি। আশপাশে অনেকের ছাগল মারা যাওয়ায় ভয়ে নিজের ছাগলগুলো জ্বর হলে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে এসেছি।”
রতনপুর গ্রামের খামারি শ্যামল বলেন, “এক সপ্তাহে আমার পাঁচটি ছাগল মারা গেছে। প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সরকারি তদারকি বাড়ানো জরুরি।”
একই গ্রামের মুশাররফ পারভেজ বলেন, “অজানা রোগে গ্রামে শতাধিক ছাগল মারা গেছে। ভয়ে বাকিগুলো পানির দামে বিক্রি করে দিয়েছি। এখন গোয়াল খালি।”
স্থানীয় গ্রাম্য চিকিৎসক পংকজ বিশ্বাস জানান, রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
রায়পুরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, “পিপিআর (PPR) ছাগলের একটি সংক্রামক রোগ। উপজেলায় প্রায় ২৯ হাজার ছাগল রয়েছে, যার মধ্যে গত আট মাসে ২৭ হাজার ৭০০ ছাগলকে টিকা দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। নমুনা পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”










