
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
শিক্ষা ও কর্মজীবনে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের কৃতি সন্তান সাংবাদিক শাহিনুর আক্তার অর্জন করেছেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে তার অনবদ্য অবদান এবং সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলাবো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শাহিনুর আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
শাহিনুর আক্তার হানিয়া বাইদ গ্রামের এক সাধারণ পরিবারের মেয়ে। বাবা মো. হোসেন আলী এবং মা সাহেরা বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি মেজো। শৈশব থেকেই মেধাবী ও পরিশ্রমী এই নারী রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ভৈরব শহীদুল্লাহ কায়সার কলেজ থেকে এইচএসসি, এরপর নরসিংদী সরকারি কলেজ থেকে ডিগ্রি ও মাস্টার্স সম্পন্ন করেন।
শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রেও রেখেছেন উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর। ২০২০ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন তিনি। একইসঙ্গে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, বয়স্ক নারীদের শিক্ষা কার্যক্রম ও কিন্ডারগার্টেন শিক্ষাদানসহ বিভিন্ন সামাজিক প্রকল্পে কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে। বর্তমানে তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে নরসিংদী অঞ্চলে সুপরিচিত নাম।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয়। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, নরসিংদী জেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নারী নির্যাতন, যৌতুকবিরোধী আন্দোলন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যা নিরসনে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে শাহিনুর আক্তার বলেন, “এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। এটি কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়- আমার অভিভাবক, শিক্ষক, পরিবার ও জন্মভূমি হানিয়া বাইদের মানুষের অবদানেই আজকের আমি। আমি বিশ্বাস করি, শিক্ষা শুধু যোগ্যতা নয়, মানুষকে দায়িত্ববান করে তোলে।”
তিনি আরও বলেন, “নারী মানেই শক্তি, নারী মানেই সম্ভাবনা। সুযোগ ও সহায়ক পরিবেশ পেলে মেয়েরা সমাজের যে কোনো ক্ষেত্রে নিজেদের প্রমাণ করতে পারে এবং ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।”
শাহিনুর আক্তারের এই সাফল্যে তার পরিবার, সহকর্মী এবং এলাকার মানুষ গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। স্থানীয়রা বলছেন, তিনি শুধু একজন সফল সাংবাদিক নন, বরং আগামী প্রজন্মের মেয়েদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ।
এই সম্মাননা প্রমাণ করেছে- অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে নারী সমাজের যেকোনো প্রান্ত থেকে উঠে এসে আলোকিত করতে পারে নিজের জীবন, পরিবার এবং সমাজকে।