রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড
- আপডেট সময় : ০১:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা পৌরসভার বটতলীহাটি বাজারে আয়োজিত মেলায় আজ বুধবার (১৫ এপ্রিল) প্রকাশ্যে জুয়া খেলার সময় ৪ জন ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় ২ জনকে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর আওতায় প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া, আটককৃতদের মধ্যে ১ জনের কাছে গাঁজা পাওয়া গেলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭,৯০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
অপরদিকে, ধৃতদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী হওয়ায় তার বয়স ও পরিস্থিতি বিবেচনায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
প্রশাসন জানিয়েছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















