ভালোবাসার গল্প | | নীলিমা আক্তার নীলা
- আপডেট সময় : ১০:৫৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

মেয়েটির দু’টো চোখ প্রচন্ড ফুলে আছে, চোখের নীচে এখনো কান্নার দাগ। আমি চেয়ারে বসা, মেয়েটি খাটের এক কোণে। বললাম, কেমন আছো?
মাথা নিচু করে উত্তর দিলো মেয়েটি, ভালো।
বাড়িতে আর কেউ নেই?
ভেজা কন্ঠে মেয়েটি বললো, না
তুমি আমাকে চেনো?
হ্যাঁ, চিনি
সবাই বলছে তুমি নাকি, কারো সাথে কথা বলতে চাচ্ছো না, কেনো জানতে পারি?
আপু?
হুম
আমার চারিপাশে যাদেরকে দেখতে পাচ্ছি, তাদেরকে আমি মানুষ ভাবতাম। আজ এই পরিস্থিতিতে এসে, মনে হলো, তারা মানুষ না, তারা মানুষ রুপি এক একটা জানোয়ার। মেয়েটি শব্দ করে কাঁদছে।
অজান্তেই চোখ দু’টো ভিজে এলো আমার, বললাম, তোমাকে সান্ত্বনা দেয়ার ভাষা আমার নেই, আমি সান্ত্বনা দিতে পারি না, তবে তোমাকে একটি কথা বলতে পারি, তুমি নিজেকে কেনো অপয়া ভাবছো? তুমি তো সেই মেয়ে, যে মেয়েকে ভালোবেসে প্রিন্সের মতো একটি ছেলে আত্মহত্যা করেছে তার পরিবারের সাথে রাগ করে, অভিমান করে। সেতো তোমাকে ঠকায়নি, বরং তোমাকে জিতিয়ে সে হেরে গেছে। যদিও বা সে কাজটি ভালো করেনি। এখন তোমার কাজ তুমি শুধু তার জন্য আশীর্বাদ করো। আমি তো মনে মনে তোমাকে স্যালুট দিচ্ছি বোন, যেখানে তোমার চারিপাশে এতো খারাপ মানুষের ভীড় আর সেখানেই তুমি পেয়েছিলে, হিরের টুকরো। ক’জন আছে তোমার মতো ভাগ্যবতী? আমাকে একজন দেখাও।
আপু?
বলো
আমার মা, বাবা আমার সাথে রাগ করে, চলে গেছে। আশেপাশে মানুষ গুলো আমাকে ভীষণ নোংরা কথা বলছে, বলছে সবাই আমার মৃত মুখ দেখতে চায়।
আমি চেয়ার ছেড়ে দাঁড়ালাম, মেয়েটির মাথায় আলতো ভাবে হাত দিলাম, বললাম, কারোর কথায় কান দেয়ার প্রয়োজন নেই। তোমাকে অনেক বড় হতে হবে, সামনে এগিয়ে যেতে হবে মাথা উঁচু করে। পেছনে নানানরকম কথা বলা মানুষগুলো, একদিন তোমার প্রশংসা করার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে বোন। আজ থেকে শুরু হবে, তোমার সুন্দর একটি পৃথিবী। হাসির এক একটি গল্প।সে গল্পে কান্নার কোন শব্দ থাকবে না।
























