ফাহাদের পরিচালনায় নেপালে চিত্রায়িত হলো ‘প্রবাসির ক্রেডিট কার্ড’
- আপডেট সময় : ০৪:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:
জীবনকে সহজ ও রঙিন করতে আজকাল প্রায় সবাই কমবেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তবে এই সুবিধাই কখনও কখনও জীবনে নিয়ে আসে ভয়াবহ বিড়ম্বনা। এমন বাস্তবধর্মী গল্প নিয়েই নেপালের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রবাসির ক্রেডিট কার্ড’।
চলচ্চিত্রটির রচনা করেছেন রাজীব মণি দাস, আর পরিচালনা করেছেন মো. ফাহাদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ.খ.ম হাসান, শিবলী নোমান, সুমাইয়া অর্পা, প্রিসিলা ডি কস্টা, ফরিদ হোসেন প্রমুখ।
পরিচালক মো. ফাহাদ বলেন, “ক্রেডিট কার্ড না বুঝে ব্যবহার করলে তার ভয়াবহ পরিণতি হয়—অনেকে সেটাই টের পান না। এ কাজের মাধ্যমে আমরা সেই বাস্তবতাকে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ক্রেডিট কার্ডের সুফল ও কুফল—দুই দিকই গল্পে তুলে ধরা হয়েছে।”
রচয়িতা রাজীব মণি দাস বলেন, “ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অনেক সময় বুঝতেই পারেন না যে তারা ধীরে ধীরে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছেন। একসময় এই ঋণ তাদের জীবনে নিয়ে আসে বিষাদের কালো ছায়া।”
গল্পে দেখানো হয়েছে—মানুষ অনেক সময় মনে করে ক্রেডিট কার্ডের অর্থ মানেই নিজের টাকা। অথচ বাস্তবে এটি ব্যাংকের টাকা, যা নির্দিষ্ট সুদ ও শর্তসাপেক্ষে ধার দেওয়া হয় গ্রাহককে। এসব শর্ত অমান্য করেই অনেকেই অজান্তে নিজেদের আর্থিক ক্ষতির মুখে ফেলেন।
পুরো গল্পটি এগিয়ে যায় এই বাস্তবতাকে কেন্দ্র করেই—‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’—এই প্রবচনের বাস্তব প্রতিফলন হিসেবেই নির্মিত হয়েছে ‘প্রবাসির ক্রেডিট কার্ড’।


















