রায়পুরায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৩:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
পরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুঁইয়া, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় প্রধান অতিথি আশরাফ উদ্দিন বকুল মহান ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষা বাংলার যথাযথ মর্যাদা রক্ষা ও চর্চা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রায়পুরায় ভাষা শহীদদের স্মরণ করা হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।






















