নরসিংদীতে জুটমিল পরিদর্শনে প্রতিমন্ত্রী: পর্যায়ক্রমে চালু হবে বন্ধ পাটকল
- আপডেট সময় : ১১:৪২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সারাদেশের বন্ধ জুটমিলগুলো পুনরায় চালু করতে কাজ চলছে| সরকারি কিংবা বেসরকারি- যে কোনো উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে এসব মিল চালুর উদ্যোগ নেওয়া হবে|
মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান|
প্রতিমন্ত্রী বলেন, নরসিংদীর দুটি জুটমিলসহ দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে থাকা কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে| এ লক্ষ্যে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে, যাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়|
তিনি আরও বলেন, “বিগত সরকারের সময়ে এসব মিল বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিলেন| বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে বদ্ধপরিকর|”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামনুর রশিদ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা|
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পাটশিল্পে নতুন গতি ফিরে আসবে এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন|





















